আগামী ২ এবং ৩ জানুয়ারিতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “অ্যাডা লাভলেস সেলিব্রেশন-২০২০”। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর নামে আয়োজিত এ উৎসবে অংশ নেবেন সারা দেশের প্রায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী। বিভিন্ন সময়ে যোগ দেবেন তথ্য প্রযুক্তিতে প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্ব।
দুইদিনব্যাপী এ উৎসবে থাকছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, পোস্টার কন্টেস্ট, জব ফেয়ার, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি। আয়োজনের মূল উৎসব ২ জানুয়ারী শুরু হলেও ঢাকার বাইরে থেকে প্রোগ্রামিং কন্টেস্ট এবং পোস্টার কন্টেস্ট এ অংশ নিতে শিক্ষার্থীরা যোগ দেবেন ১ জানুয়ারী সকালেই। তাদের জন্য থাকছে একটি রেসিডেন্সিয়াল ক্যাম্প।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য থাকছে পোস্টার প্রদর্শীনীর সুযোগ। পোস্টার প্রদর্শনীতে অংশ নিতে পারবে কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতাতেও থাকছে প্রায় ৩০ হাজার টাকা সমমূল্যের নগদ পুরস্কার। থাকবে জব ফেয়ার।
দেশের স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে যেমন- BACCO, Wedevs, ক্রিয়েটিভ আইটি, দোহাটেক, ডি.নেট, স্কাইলার্ক সফট লিমিটেড, অন্যরকম গ্রুপ, ওয়ার্কস্টেশন ১০১, ইন্ট্রারেক্টিভ আর্টইফেক্ট, বিটেকনলোজি সহ আরও অনেক স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেয়ার সুযোগ থাকবে সকলের জন্য।
থাকবে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রোসেসিং এর পর ওয়ার্কশপ। থাকবে অনেক আড্ডা এবং নেটওয়ার্কিং-এর সুযোগ।
মূলত তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন নারী শিক্ষার্থীদের সংযুক্ত করা হবে এই আয়োজনে যেখানে তাদের উৎসাহ দিতে সেমিনার,ওয়ার্কশপ, অনলাইন সেশনে উপস্থিত থাকবেন- যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফাহমিদা নিলুফার চৌধুরী নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার তানজিলা ফারাহ, মার্কস এন্ড স্পেন্সার (বাংলাদেশ এন্ড মায়ানমার) এর কান্ট্রি হেড স্বপ্না ভৌমিক, ইউনিভার্সিটি অফ মেসাচুসেটস অ্যামহার্স্ট এর পিএইচডি স্টুডেন্ট ইন কম্পিউটার সাইন্স তামান্না মোতাহার, ইউনিভার্সিটি অফ রচেষ্টার এর পিএইচডি স্টুডেন্ট মোহাম্মদ রাফায়েত আলি , ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সেউতি সবুর প্রমুখ। এছাড়াও তথ্য-প্রযুক্তিতে অবদান রেখেছেন এমন ১০ জন নারী ব্যক্তিত্বকেও সম্মান জানানো হবে এই উৎসবে।
উৎসবের বিস্তারিত মিলবে-
http://alc.bdosn.org/। এই আয়োজনের সাথে রয়েছে- ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি এসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিইএবি), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, হার স্টোরি, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ওয়ালেটমিক্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্ম টফ ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান।